গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে একদিনেই নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, একটি উন্মত্ত কুকুর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায়। জোড়া ব্রিজ, লতিফপুর, টিএন্ডটি রেললাইন এলাকা, হাইটেক ফ্লাইওভারের নিচে, সমাহারের গেটসহ বিভিন্ন স্থানে হঠাৎ হামলা চালিয়ে একের পর এক মানুষকে কামড়ে আহত করে কুকুরটি।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার পর অনেক অভিভাবক শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না। স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও ভীতি।
স্থানীয় বাসিন্দা মো. আশরাফুল ইসলাম বলেন, “হঠাৎ করেই কুকুরটি মানুষকে তাড়া করে কামড়াতে শুরু করে। মানুষ দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।
আরেক বাসিন্দা নাসিমা বেগম বলেন, “দিনভর আতঙ্কের মধ্যে ছিলাম। কেউ একা বাইরে যেতে সাহস পাচ্ছে না। দ্রুত কুকুরটি আটক করা দরকার।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অজিদ বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কুকুরে কামড় দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদ তাল্লুকদার বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :