বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী চরমাস্তুল মুন্সী বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের ১ম রিইউনিয়ন (পুনর্মিলনী)-এর প্রস্তুতি সভা। গত ১৬ মে, ২০২৬ ইং তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এই গুরুত্বপূর্ণ সভাটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এই প্রস্তুতি সভায় রিইউনিয়নের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আসন্ন এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবীর মহোদয়। তাঁর এই সম্মতি এলামনাই ও স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানটি যেন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন ১ম রিইউনিয়ন (পুনর্মিলনী)- অনুষ্ঠান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ড. লুৎফর রহমান তোফা মহোদয়।
সভায় উপস্থিত দৌলতপুর থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব স্বপন কুমার সরকার মহোদয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সরকারি সিদ্ধান্তসমূহ আলোকপাত করেন। তিনি অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং পরিষ্কার জানিয়ে দেন যে— শৃঙ্খলা ভঙ্গ, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক জিরো টলারেন্স নীতি ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানের প্রতিটি উপ-কমিটির কাজের অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। পুনর্মিলনী অনুষ্ঠানকে দৃষ্টিনন্দন করতে সাজসজ্জা ও ডেকোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের বিখ্যাত প্রতিষ্ঠান "ভিশন ওয়ার্ল্ড"-কে এবং ইতিমধ্যে তাদের সাথে লিখিত চুক্তি সম্পাদিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় টি-শার্ট ও বিশেষ গিফট আইটেম (মগ, চাবির রিং) তৈরির কাজও নামী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, যার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও এলামনাইদের দুপুরের খাবারের (লাঞ্চ) জন্য মানিকগঞ্জের বিখ্যাত "রাজ হোটেল এন্ড রেস্টুরেন্ট"-এর সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া সকালের ঐতিহ্যবাহী নাস্তা এবং বিকেলের হালকা স্ন্যাকস প্রদানের সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
চরমাস্তুল মুন্সী বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের এই ১ম পুনর্মিলনীতে এক অনন্য সম্মাননা পর্বের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
* বিদ্যালয়ের দাতা গোষ্ঠী, প্রতিষ্ঠাকালীন সময়সহ সকল প্রয়াত ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক ও তাঁদের পরিবারকে বিশেষ সম্মাননা।
* বর্তমানে কর্মরত সকল শিক্ষক মণ্ডলীকে অতিথি হিসেবে আমন্ত্রণ।
* বিদ্যালয়ের সাবেক ও বর্তমান সম্মানিত সভাপতি মহোদয়গণকে সম্মাননা।
* বিদ্যালয় সংশ্লিষ্ট আশপাশের প্রায় ১৪টি গ্রামের বয়োজেষ্ঠ্য সম্মানিত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের অতিথি হিসেবে বরণ।
বিদ্যালয়ের গর্বিত ও মেধাবী কৃতি সন্তানদের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে বিদ্যালয়ের এলামনাইদের নিজস্ব মনোমুগ্ধকর পরিবেশনার পাশাপাশি দেশবরেণ্য ও জনপ্রিয় সংগীত শিল্পীদের আমন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সভার শেষভাগে, নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খল এবং গৌরবময় পরিবেশে এই উৎসব সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন এলামনাই নেতৃবৃন্দ ও উপস্থিত প্রশাসন। পরিশেষে, উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :