মাগুরা শালিখায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৫:১৪ পিএম

মাগুরার শালিখা উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ মে) শালিখা উপজেলার নির্বাহী অফিসার মোঃ তানভির হাসান চৌধুরী ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক নাসিমা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর ইসলাম, পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা শাহজান হোসেন, সংগ্রাম হোসেন ও মসুম হাসান।

জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডধারী অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ৫৩৪৭জন হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে চাল বিতরণ করা হয়। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের উপস্থিতি দেখা যায়।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ব্যক্তিরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন। তারা জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে প্রকৃত উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।

উপকারভোগীরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবার পরিচালনায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

 

Link copied!