জুনেই চালু হচ্ছে মহাদেবপুরের আত্রাই নদীর সেতু, কমবে পাঁচ উপজেলার ভোগান্তি

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৪:৪৮ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর শিবগঞ্জ–গোপিনাথপুর ঘাটে নির্মিত বহুল প্রতীক্ষিত সেতুটি আগামী জুন মাসেই সাধারণ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সংযোগ সড়কের শেষ কাজ সম্পন্ন হলেই পাঁচ উপজেলার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২১ সালের মার্চে শুরু হওয়া ২৫৯ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকা। ইতোমধ্যে সেতুর মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। বর্তমানে সংযোগ সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সেতুটি চালু হলে মহাদেবপুর ছাড়াও মান্দা, পত্নীতলা ও পোরশা উপজেলার হাজারো মানুষ প্রতিদিন নিরাপদে আত্রাই নদী পারাপারের সুযোগ পাবেন। শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে।

এতদিন শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো এবং বর্ষাকালে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো স্থানীয়দের। বর্ষায় নদী পারাপার ছিল সময়সাপেক্ষ ও বিপজ্জনক।

স্থানীয় গরু ব্যবসায়ী আলীম বলেন, “ব্রিজটি চালু হলে এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হবে। আমাদের ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই সুবিধা হবে।”

মহাদেবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সৈকত দাশ বলেন, “সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আশা করছি আগামী জুন মাসেই সেতুটি চালু করা সম্ভব হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, এই সেতু চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

 

Link copied!