আইভীর দুই মামলায় জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

ইদ্রিস হাসান , ব্যুরো প্রধান নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৭:৫৯ পিএম

‎হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

‎‎রবিবার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত।

‎‎চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এ আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল। এতে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

‎‎আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

‎‎আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান জানান, সবকটি মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন ও আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আমরা আশা করছি।

Link copied!