‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও আগামী মঙ্গলবার (১৯ মে) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত।
রবিবার (১৭ মে) দুপুরে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। তিনি জানান, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, মেলায় নাগরিকদের বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।
জেলা প্রশাসক জানান, জেলার নাগরিকরা অনলাইনের মাধ্যমে কিংবা মেলায় স্থাপিত সেবা বুথ থেকে সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া মেলা উপলক্ষে সাধারণ সেবার পাশাপাশি ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, সেবাগ্রহীতাদের তথ্য সহায়তা, সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের ভূমি বিষয়ক ধারণা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রুপা, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :