গোয়াইনঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহ আলম , গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৩:৪৫ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেশব্যাপী ভূমি মেলা ২০২৬ ইং এর শুভ উদ্বোধন করেন। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, পুলিশ বিভাগের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়। বর্তমান সরকারের ডিজিটাল সেবার অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে গোয়াইনঘাট উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

​অনুষ্ঠানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্যই হলো জনগণকে সচেতন করা এবং আমাদের সেবাসমূহ সরাসরি তাঁদের দোরগোড়ায় প্রদর্শন করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে এখন জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায়। আমরা গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হবেন না।

আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।

 

Link copied!