পঞ্চগড়ে তিনদিনব্যাপী “ভূমি মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একটি জমি একজন কৃষকের কাছে শুধু সম্পত্তি নয়, বরং তার পরিবার ও ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার ভূমি সেবাকে ডিজিটাল ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, বিগত দিনে দেখে এসেছি জমির পর্চা, নামজারি কিংবা রেকর্ড তুলতে মানুষকে দীর্ঘদিন অফিসে ঘুরতে হতো এবং অনেক ক্ষেত্রে দালালের শিকার হতে হতো। বর্তমানে প্রযুক্তিনির্ভর সেবা চালুর ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি বৃদ্ধি পেয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বড় একটি জনগোষ্ঠী সরাসরি ভূমির উপর নির্ভরশীল। তাই কৃষকবান্ধব প্রশাসন গড়ে তুলতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানী, সিভিল সার্জন মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা সারমিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনদিনব্যাপী এ মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ডসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :