মোঃ আব্দুল মান্নান: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে তার মৃত্যু হয়।
সুজা আমুয়াকান্দা বাজারের মন্নাছ চেয়ারম্যানের বাসা সংলগ্ন ব্যবসায়ী এ কে এম ফজলুল হকের ছেলে। সুজা একজন তরুণ ও উদীয়মান ছাত্র নেতা। তিনি আজও বিয়েশাদী করেননি। তার নামাজে জানাজা ফুলপুর সরকারি কলেজ মাঠে বাদ আসর অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম সুজাউদ্দিন সুজা ময়মনসিংহ উত্ত জেলা ছাত্রদলকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়।
তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি। আমি সুজাউদ্দিন সুজা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
এছাড়া বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, “মরহুম সুজাউদ্দিন সুজা অত্যন্ত সাহসিকতার সাথে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে যে ভূমিকা পালন করেছেন তা স্থানীয় নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।”
তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ অনেকে শোক প্রকাশ করেছেন। এছাড়া তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :