যশোরের কেশবপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সেমিনার ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। এখন মানুষ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি, খাজনা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও খতিয়ান সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ডিজিটাল ভূমি সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সঠিক তথ্য জানলে সাধারণ মানুষ হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা পাবে। শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে আইন ও নাগরিক সেবা সম্পর্কে জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও সহজ হয়েছে। ই-নামজারি, অনলাইন খাজনা প্রদান, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ দ্রুত সেবা পাচ্ছেন। ভূমি অফিস জনগণের সেবক হিসেবে কাজ করছে এবং জনগণের ভোগান্তি কমাতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করছে।
তিনি ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে সরাসরি উপজেলা ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ হোসেন খান এবং কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব।
সেমিনার শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক হাদিউজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেবা গ্রহীতা গন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :