বগুড়ার গাবতলীতে গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রীতা রানী মজুমদার ওই গ্রামের বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লেখাপড়ার কারণে তারা ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে রাতের খাবার শেষে তিনি আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তাঁর ঘুম ভাঙে। এ সময় স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে যান তিনি। ঘরে ঢুকে রীতা রানীকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় বাড়ির সদর দরজা খোলা অবস্থায় ছিল বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। হত্যার কারণও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :