ফরিদপুরের সালথা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন এবং সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক।
এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি সচিবরা।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো ধরণের গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রামীণ দলাদলি ও সহিংসতা কঠোর হস্তে দমনের বিষয়েও একমত পোষণ করেন উপস্থিত সকলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, "উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনোভাবেই কোনো সহিংসতাকারীকে ছাড় দেওয়া হবে না। আমি মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।"
সালথা উপজেলার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের এই যৌথ প্রচেষ্টা আগামীতে আরও জোরালো ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
আপনার মতামত লিখুন :