পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জমি ক্রয় ও ভোগদখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে স্বরূপকাঠী সাব-রেজিস্ট্রি অফিসে ৭৮৪ নং সাফ কবলা দলিলের মাধ্যমে ২.৫০ শতাংশ জমিসহ ৮৩২ বর্গফুট টিনসেট ভবন ক্রয় করেন মোঃ শাহাবুদ্দিন ও তার ভাই। পরে তারা নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নামজারি আবেদন করলে বি.এস ২০২৬-১০০০০৫৪ খতিয়ানে তাদের নামে রেকর্ডভুক্ত হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১১ মে ২০২৬ বিকেলে জমির দাতা মরিয়ম আক্তার সরেজমিনে গিয়ে ক্রয়কৃত জমি ও টিনসেট ভবন বুঝিয়ে দেন। বর্তমানে ওই স্থাপনায় তারা ব্যবসা পরিচালনা করে আসছেন।
কিন্তু পরবর্তীতে অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম, তার ভাই ছিদ্দিকুর রহমানসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জন লোক ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে এসে বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
ভুক্তভোগী শাহাবুদ্দিন জানান, বৈধ কাগজপত্রের মাধ্যমে সম্পত্তি ক্রয় ও ভোগদখল করলেও প্রতিপক্ষ তাদের মারধর ও ক্ষতির হুমকি দিচ্ছে। এ অবস্থায় নিরাপত্তা ও আইনগত সহায়তা চেয়ে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
আপনার মতামত লিখুন :