শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৫:৪৪ পিএম

ঢাকায় আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে লোহাগড়া প্রি-ক্যাডেট স্কুলের সামনে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা “আর কত রামিসা?”, “শিশু হত্যার বিচার চাই”, “নিরাপদ শৈশব চাই”সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বক্তারা বলেন, শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তারা শিশু নির্যাতন ও নারী সহিংসতার ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।

অভিভাবকরা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কঠোর নজরদারি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। শিক্ষার্থীরাও শিশু নির্যাতন বন্ধ ও রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানায়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু রামিসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

Advertisement

Link copied!