চান্দিনা কুটুম্বপুরে বৈধ নতুন গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ২২ মে, ২০২৬, ০৭:৪১ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় বৈধভাবে নতুন গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে দ্রুত গ্যাস সংযোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিক্ষোভে অংশগ্রহণকারী এলাকাবাসী বলেন, “গ্যাস নিয়ে কষ্টের দিন শেষ হোক, ঘরে ঘরে গ্যাস পৌঁছাক”—এই প্রত্যাশা থেকেই সাধারণ মানুষ আজ রাজপথে নেমেছেন। বক্তারা দাবি করেন, কুটুম্বপুর এলাকার মাটি ব্যবহার করে প্রায় চার দশক ধরে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ করা হলেও মাধাইয়া ইউনিয়ন এবং আশপাশের বহু এলাকা এখনো এ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের মাটি ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস দেওয়া হচ্ছে, অথচ আমরা নিজেরাই সেই সুবিধা পাচ্ছি না। এটি অত্যন্ত দুঃখজনক ও বৈষম্যমূলক। দ্রুত নতুন গ্যাস সংযোগের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।”

স্থানীয়দের অভিযোগ, গ্যাস সংযোগ না থাকায় প্রতিদিন রান্নাবান্নাসহ নানা গৃহস্থালি কাজে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা বিকল্প জ্বালানির বাড়তি ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন। অনেকেই কাঠ, এলপিজি গ্যাস ও অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য অতিরিক্ত ব্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তারা জানান, আধুনিক সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে থাকায় এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানও বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ এ দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, আহ্বায়ক কমিটির সদস্য মো. অলিউল্লাহ কোম্পানী, মাওলানা মতিউর রহমান ফরাজী, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, আয়েত আলী মোল্লা, মো. এরশাদুল হক, মো. খায়ের মৃধা, সোহেল বিন রাজ্জাক, শাহজাহান মোল্লা, রুহুল আমিন, মিজানুর রহমান, সদস্য সচিব কে এম জামাল, চান্দিনা উপজেলা এমসিপির প্রধান সমন্বয়ক আবুল কাশেম অভিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।

কর্মসূচি শেষে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে অবিলম্বে নতুন গ্যাস সংযোগ বাস্তবায়নের জোর দাবি জানান।

Link copied!