শাহরাস্তিতে পরোয়ানাভুক্ত দুই আসামী গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০১:০২ পিএম

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামী ও এক পরোয়ানাভুক্ত আসামীসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৩ মে) থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহারাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম, এএসআই (নিঃ) মোঃ মনিরুল হক ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা একটি জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং আরেকটি মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে জিআর-১৪৬/২০১৬ (হাজীগঞ্জ) মামলার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামী রোশেনারা বেগম স্বামী- আব্দুল খালেক, সাং- পতিচৌ আব্দুল খালেকের নতুন বাড়ি, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুরকে আটক করা হয়।

এছাড়া জিআর-১২/২০২৬ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামী ওমর ফারুক প্রকাশ আলম প্রকাশ আলমগীর (পিতা- মৃত আনোয়ার ড্রাইভার, সাং- নিজ মেহার হাওলাদার বাড়ি, থানা শাহরাস্তি, জেলা চাঁদপুরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত দুই আসামীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Link copied!