খাগড়াছড়িতে "আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস" উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

অজয় সেন ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১২:০৩ পিএম

"বন্যপ্রাণি ও বন সবাই মিলে করি সংরক্ষণ"—এই প্রতিপাদ্যে  খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় "আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস" উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২২ মে) সকাল ১০.০০ ঘটিকায় খাগড়াছড়ি সদরের ঐতিহ্যবাহী মতাই পুখিরী তীর্থ স্থানে এই কর্মসূচি উপলক্ষে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​এলাকার কার্বারী কুঞ্জ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা।

​এবারের দিবসের মূল বিষয় ছিল "বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয়ভাবে কাজ করা"। বক্তারা বলেন, জীববৈচিত্র্যের অবক্ষয় রোধে স্থানীয় সম্প্রদায়ের সচেতনতা ও ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বৈশ্বিক পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় অবদান রাখতে পারে। প্রতি বছর ২২শে মে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে বোঝাপড়া ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন​ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা, ​ডিস্ট্রিক্ট অফিসার সুকেতন চাকমা, উপজেলা বায়োডাইভারসিটি ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরা, জেলা কর্মকর্তা (করলিয়া প্রজেক্ট) ​নবলেশ্বর দেওয়ান লায়ন। 

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে 'বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর রেসিলিইন্স' (BERCR)। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা প্রদান করে ইউএনডিপি (UNDP)-এর 'ইকোসিস্টেম রেস্টোরেশন এন্ড রেসিলিন্স ডেভেলপমেন্ট ইন দ্যা সিএইচটি' (ERRD-CHT) প্রকল্পসহ অন্যান্য সহযোগী সংস্থাসমূহ।

​আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবেশপ্রেমীরা উপস্থিত থেকে পাহাড়ি অঞ্চলের বন ও বন্যপ্রাণী সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Link copied!