শাজাহানপুর ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুহূর্তেই ঝরে গেল ২ প্রাণ, আহত ১

ফারুক সরকার , শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১২:২০ পিএম

বগুড়া-ঢাকা মহাসড়কের বনানী এলাকা আজ সকাল সাড়ে সাতটায় সাক্ষী হলো এক হৃদয়বিদারক ঘটনা। চিরচেনা কর্মব্যস্ত সকালটি এক নিমেষে রূপ নিল এক পরিবারের মহাশ্মশানে। অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার চার বছরের নিষ্পাপ কন্যাসন্তান ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আর হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণা আর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন হতভাগ্য মা।

সোমবার (২৫ মে ২০২৬) সকাল ৭টা ৩৫ মিনিটে বগুড়ার শাজাহানপুর থানাধীন বনানী পর্যটন বারের বিপরীত পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলেই নিভে গেল দুই প্রাণ নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আনিসুর রহমান (৩৫) এবং তার চার বছর বয়সী কন্যাসন্তান আয়েশা।

দুর্ঘটনায় আনিসুরের স্ত্রী পুষ্পা আক্তার (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আনিসুর রহমান স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বনানী এলাকায় পর্যটন বারের ঠিক বিপরীত পাশে মহাসড়কের ওপর পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা দ্রুতগতির যান তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়েন। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই বাবা আনিসুর ও শিশু আয়েশার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির কর্মকর্তা জানান: দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

 

Link copied!