সিরাজগঞ্জের এনায়েতপুরে জুলাই আন্দোলনে শহিদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় তিনি শহিদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এনায়েতপুর জামায়াতে ইসলামীর অফিসে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান জীবনযাত্রা, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও পারিবারিক নানা সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহিদ পরিবারগুলো আমাদের কাছে সম্মানিত আমানত।”
তিনি আরও বলেন, শহিদ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে সামান্য এই উপহার তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে শহিদ পরিবারের সদস্যরা তাদের নানা দুঃখ-কষ্ট ও অভাব-অভিযোগের কথা তুলে ধরেন। অনেকেই পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান। এ সময় মাওলানা শাহিনুর আলম তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, “শহিদদের রক্ত বৃথা যাবে না। দেশের মানুষ তাদের আত্মত্যাগ সবসময় স্মরণ রাখবে। আমরা সবসময় শহিদ পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।”
এ সময় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহিদ পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এদিকে জেলা জামায়াতের আমিরের এমন উদ্যোগে শহিদ পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন খোঁজখবর ও সহায়তা পেয়ে তারা কিছুটা হলেও মানসিক শক্তি ও সাহস পেয়েছেন।
আপনার মতামত লিখুন :