ডিএনএ-র মহাজাগতিক কারসাজি: কিচেন ক্যাবিনেটের গোপন ‘মহিষ’ ও ট্রাম্পের হারানো জমজ! :- ড. মোঃ আশরাফুর রহমান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ মে, ২০২৬, ১২:২৬ পিএম

মার্কিন মুল্লুকের দণ্ডমুণ্ডের কর্তা, পরাশক্তিধর ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউজে বসে ইরানকে কীভাবে ‘শায়েস্তা’ করা যায় সেই ব্লু-প্রিন্ট আঁকছেন, ঠিক তখনই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের কূলে ঘটে গেছে এক অবিশ্বাস্য, গা শিউরে ওঠা কিংবা পেট ফাটানো হাসির বায়োলজিক্যাল বিপ্লব!

বিশ্ব মিডিয়া এখন আর মধ্যপ্রাচ্য বা ইউক্রেন সংকট নিয়ে মাথা ঘামাচ্ছে না। সিএনএন, বিবিসি, আল-জাজিরার ব্রেকিং নিউজে একটাই হেডলাইন "বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের ডিএনএ-বাহি এক অদ্ভুত মহিষের সন্ধান!" ইলেকট্রনিক বায়ুমণ্ডলে এখন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার চেয়ে এই ‘মহিষ ট্রাম্প’ এর লাইফস্টাইল বেশি ট্রেন্ড করছে।

কিচেন ক্যাবিনেটের ‘গোপন রেসিপি’ এবং একটি ডিএনএ রহস্য

ঘটনার সূত্রপাত বাংলাদেশের এক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। অত্যন্ত গোপনে, জনশ্রুতি অনুযায়ী ‘কিচেন ক্যাবিনেট’ (গোপন নীতিনির্ধারক গোষ্ঠী)-এর এক মধ্যরাতের বৈঠকে নাকি এই মহাজাগতিক এক্সপেরিমেন্টের সিদ্ধান্ত হয়। কোনো এক কায়দায় মার্কিন প্রেসিডেন্টের ডিএনএ স্যাম্পল জোগাড় করে তা পুশ করে দেওয়া হয়েছিল এক নিরীহ দেশি মহিষের জরায়ুতে। উদ্দেশ্য ছিল—বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ডিএনএ দিয়ে বাংলাদেশে একটা ‘সুপার পাওয়ার’ পশুর জাত তৈরি করা, যা দুধ-মাংসের পাশাপাশি প্রয়োজনে গোপন বাণিজ্য চুক্তির হুঙ্কার দিয়ে বিশ্ব রাজনীতি কাঁপাবে।

কিন্তু হায়! খবরটি ফাঁস হওয়া মাত্রই কিচেন ক্যাবিনেটের মন্ত্রীদের মধ্যে "আমি নই, ও করেছে" টাইপ দায় এড়ানোর ধুম পড়ে গেছে। কোনো মন্ত্রীই এখন এই ‘মহিষ-ট্রাম্প’ প্রজেক্টের পিতৃত্ব দাবি করতে রাজি নন। একজন তো প্রেস কনফারেন্সে বলেই ফেললেন, "আমরা কিচেন ক্যাবিনেটে বিরিয়ানির রেসিপি নিয়ে আলোচনা করি, ট্রাম্পের ডিএনএ নিয়ে নয়!"

ট্রাম্পের টুইট বনাম মহিষের হাম্বা

এদিকে আসল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ফ্লোরিডায় বসে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুলস্থুল বাঁধিয়ে দিয়েছেন। তিনি অল-ক্যাপসে লিখেছেন: "FAKE NEWS! বাংলাদেশে আমার চেয়েও বড় এবং শক্তিশালী একটা মহিষ তৈরি করা হয়েছে, যার চুলগুলো হুবহু আমার মতো সোনালী! এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র। নোবডি নোস মহিষ বেটার দ্যান মি! কিন্তু আমার ডিএনএ এত সস্তা নয়!" কিন্তু ভাবুকদের ভাবনায় এই দুই প্রাণীর অবয়বের মহাকাব্য রচনায় বলছে, ট্রুথ সোশ্যাল যতই চিল্লাইক, এই "গোল্ডেন" মহিষের গোলাপী-লালচে গায়ের রঙ আর মাথার সেই বিখ্যাত সোনালী চুলের ঝুঁটি প্রমাণ করে—ডিএনএ টেস্ট ছাড়াই এটা ডোনাল্ড ট্রাম্পের এক্কেবারে খাঁটি মহিষ সংস্করণ!

তবে আমেরিকার পেন্টাগন নাকি গোপনে খোঁজ নিচ্ছে, এই মহিষের পারমাণবিক বোতাম চাপার ক্ষমতা আছে কি না? কারণ, বিশ্ব মিডিয়ার ফুটেজে দেখা গেছে, মহিষটি যখনই রেগে যায়, তখনই তার সামনের চুলগুলো বাতাসে ট্রাম্পের মতো একপাশে হেলে পড়ে এবং সে অন্য মহিষদের দিকে এমনভাবে তাকায় যেন বলছে—"আই উইল বিল্ড আ গ্রেট ওয়াল ইন দিস খামার!"

২০২৬-এর কুরবানির হাট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মহা-ফরমান’

আসল টুইস্ট এলো ২০২৬ সালের কুরবানির হাটে। মহিষটির মালিক একে গাবতলী হাটে চড়া দামে বিক্রি করতে এনেছিলেন। নাম রাখা হয়েছিল ‘আমেরিকান ডন’। লাখ লাখ টাকা দাম উঠছে, কসাইরা ছুরি ধার দিচ্ছে, ঠিক তখনই আসরে নামলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জরুরি প্রেস কনফারেন্স ডেকে ফতোয়া জারি করলেন—"এই মহিষ সদৃশ ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করা যাবে না!" স্বরাষ্ট্রমন্ত্রীর যুক্তি অত্যন্ত দার্শনিক এবং শিক্ষণীয়। তিনি বললেন: "এই মহিষকে জবাই করে ভূরিভোজ করা মানে বিশ্ব রাজনীতির এক অদ্ভুত প্রতীককে ধ্বংস করা। একে আমরা পাঠাবো চিড়িয়াখানায়। মানুষ একে দেখবে আর মনে করবে—কীভাবে একজন মানুষের খামখেয়ালিপনায় অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু হয়, কীভাবে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়ে, আর কীভাবে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা কুরবানির পশুর চেয়েও বড় শিক্ষণীয় উপাদান!"

মন্ত্রী মহোদয় আরও যোগ করলেন, এখন থেকে প্রতিদিন বিকেলে দর্শনার্থীরা চিড়িয়াখানায় গিয়ে এই মহিষের মাথায় একটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেবে আর আদর করে বলবে—"বেটা, অনেক তো বিশৃঙ্খলা করেছিস, এবার একটু ভালো হয়ে যা!"

জাতিসংঘে মহিষ ট্রাম্প: এক নতুন শান্তি মিশন

বাংলাদেশ ক্যাবিনেটের উর্বর মস্তিষ্ক এখানেই থেমে নেই। তারা এখন এক যুগান্তকারী শান্তি মডেল ভাবছেন। যদি আসল মানুষ ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বিশ্বে শান্তি স্থাপন সম্ভব না হয়, তবে বাংলাদেশ এই ‘মহিষ ডোনাল্ড ট্রাম্প’কে বিশেষ বিমানে করে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পাঠিয়ে দেবে!

যেখানে মানুষ ট্রাম্পের কূটনীতি যুদ্ধ আর নিষেধাজ্ঞা ডেকে আনে, সেখানে এই মহিষ ট্রাম্প কেবল শান্তিতে জাবর কাটবে আর মাঝে মাঝে লেজ নেড়ে মাছি তাড়াবে। বিশ্বনেতারা বুঝবেন, মাঝে মাঝে কিছু না করে শুধু শান্ত হয়ে বসে থাকাও বিশ্ব শান্তির জন্য কত বড় অবদান হতে পারে। অন্তত এই মহিষ কোনো দেশের উপর নিষেধাজ্ঞা (Sanction) দেবে না, বড়জোর একটু গুঁতো দেওয়ার ভয় দেখাবে!

শেষ দৃশ্য: মানুষ ট্রাম্প বনাম মহিষ ট্রাম্প—জিতবে কে?

উপসংহারে এসে এক বড়সড় জীবনমুখী শিক্ষার মুখোমুখি হতে হয় আমাদের। একদিকে আছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, স্যুট-টাই পরা, ট্রুথ সোশ্যাল-প্রেমী মানুষ ডোনাল্ড ট্রাম্প—যিনি সারা বিশ্বে নিজের আধিপত্য বজায় রাখতে ব্যস্ত। অন্যদিকে বাংলাদেশের চিড়িয়াখানায় খড়কুটো খাওয়া চারপেয়ে মহিষ ডোনাল্ড ট্রাম্প—যার মাথায় সোনালী চুলের ঝুঁটি আর চোখে এক অদ্ভুত উদাসীনতা। তবে মহিষ ডোনাল্ড ট্রাম্প আবার ফেসবুক স্ট্যাটাস দিতে পছন্দ করে, ট্রুথ সোশ্যাল ব্যবহারে অনাগ্রহী।

মানুষ ট্রাম্প হয়তো ভোটে জিতে হোয়াইট হাউজে বসেন, কিন্তু মহিষ ট্রাম্প জিতে গেছে মানুষের হৃদয়ে এবং বিনোদনের খোরাক হিসেবে। মানুষ ট্রাম্পের হুঙ্কারে শেয়ার বাজার ধসে পড়ে, আর মহিষ ট্রাম্পের ‘হাম্বা’ ডাকে মানুষ হেসে লুটোপুটি খায়।

এখন দেখার বিষয়, ইতিহাসের পাতায় কে বেশিদিন টিকে থাকে? ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে পৃথিবীকে নরক বানানো ‘মানুষ ট্রাম্প’, নাকি খাঁচায় বন্দি থেকে পৃথিবীকে শান্তি আর সংযমের শিক্ষা দেওয়া ‘মহিষ ট্রাম্প’? মানুষরূপী ট্রাম্প হয়তো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হলেও ডোনাল্ড ট্রাম্পের ডিএনএ বহনকারী মহিষটি হয়তো আরও বহু বছর চিড়িয়াখানায় থাকবে, ইতিহাসে ভাস্বর হয়ে উঠবে।

জয়তু বাংলাদেশ!

মানুষ আসবে, বাদাম খাবে, আর মহিষের সোনালী চুল দেখে মুচকি হেসে বলবে—"ক্ষমতার দাপট দেখিয়ে লাভ নেই মিয়া, শেষমেশ খাঁচায় এসে চুলটাই আঁচড়াতে হবে!"

লেখক :

জননিরাপত্তা বিশ্লেষক ও অতিরিক্ত আইজিপি

বাংলাদেশ পুলিশ অব:

Advertisement

Link copied!