ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছে পীরগঞ্জের কর্মজীবী মানুষ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত

হানিফ মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি ও পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কর্মজীবী ও পেশাজীবী মানুষ। ঈদের আমেজ ধীরে ধীরে ফিকে হয়ে আসার সঙ্গে সঙ্গে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত হাজারো মানুষ নিজ নিজ গ্রামে এসে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। কয়েকদিনের উৎসবমুখর পরিবেশ শেষে এখন তারা আবার জীবিকার তাগিদে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

সোমবার সকাল থেকেই পীরগঞ্জ বাসস্ট্যান্ড, ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কর্মস্থলমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিতে যোগ দিতে, আবার কেউ ফিরছেন শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালনের জন্য। কর্মস্থলে ফেরা কয়েকজন যাত্রী জানান, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটানোর পর আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে কিছুটা কষ্ট হলেও জীবিকার প্রয়োজনে দায়িত্ব পালনে ফিরে যেতেই হচ্ছে। তারা আগামী ঈদে আবারও স্বজনদের কাছে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে স্থানীয় সংশ্লিষ্ট যানবাহন কতৃপক্ষ পীরগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক জুয়েল সরকার বলেন এবারে ঈদ যাত্রায় কর্মে ফেরা মানুষের সংখ্যা গতবারের তুলনায় কম এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না তাছাড়াও প্রশাসন কিংবা আমারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যাতে কোনো যাত্রী ভোগান্তি পোহাতে না হয়। উপজেলা প্রশাসন বলেছে বাসস্ট্যান্ড এলাকায় আমাদের পক্ষ থেকে যাত্রীদের সুষ্ঠ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্টের ধারা অব্যাহত থাকবে।

এদিকে ঈদ-পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রমও ধীরে ধীরে পূর্ণ গতিতে চালু হতে শুরু করেছে। ফলে পীরগঞ্জে আবারও ফিরে এসেছে পরিচিত কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা।

Advertisement

Link copied!