হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে প্রাধান্য দিয়ে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং সাধারণ মানুষের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করছে।
রোববার বিকেলে মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে চৌমুহনী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, “প্রায় চার দশক ধরে আমি মাধবপুর ও চুনারুঘাটের মানুষের সঙ্গে রয়েছি। এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আমার খুব কাছ থেকে জানা। দীর্ঘ ১৭ বছরে এই অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বরং দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। গত তিন মাসে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত সহায়তা ও উন্নয়ন সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
” তিনি আরও বলেন, “মাধবপুরে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কয়েকটি নারী মার্কেট নির্মাণ করা হয়েছে। বিভিন্ন কারণে এসব মার্কেট এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। খুব শিগগিরই সেগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে। এর ফলে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।
” চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা ফরিদুর রহমান, আব্দুল আলীম মীর বাদল, ছায়েদুর রহমান, ফিরোজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, খুশেদ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে এমপি সৈয়দ মোঃ ফয়সল ধর্মঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মাধবপুর-চুনারুঘাটের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :