লোহাগড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩, ঘর বাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ০৪:৩৩ পিএম

ফাইল ছবি

রাসেদুল ইসলাম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা ও চাচই-ধানাইড় গ্রামের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

সংঘর্ষের পর কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে চাচই-ধানাইড় গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহিম ও নাফিজের সঙ্গে আমডাঙ্গা গ্রামের সরোয়ার ও আলমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে আমডাঙ্গা গ্রামের সরোয়ার, আলম ও জসিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত হওয়ার খবর আমডাঙ্গা এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। অভিযোগ রয়েছে, এর জের ধরে আমডাঙ্গা গ্রামের একদল লোক চাচই-ধানাইড় গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলায় পাকা, আধাপাকা ও টিনশেড ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, হামলার সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। তাদের মতে, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সম্ভাব্য নতুন সংঘর্ষের আশঙ্কায় অনেক পরিবার বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে দুই গ্রামের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

অতীতেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Advertisement

Link copied!