সাটুরিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

আবু তাহের , সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৪:৩০ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পুকুরে গোসল করার সময় ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাটুরিয়া থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত অধির মনিদাস (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অধির মনিদাস সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

থানা ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) দুপুর পৌনে দুটোর দিকে উপজেলার দড়গ্রাম এলাকায় ওই শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে শিশুটি যখন মাথায় শ্যাম্পু লাগাচ্ছিল, তখন আশপাশে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত অধির মনিদাস তাকে অতর্কিতে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।

শিশুটি কোনোমতে রক্ষা পেয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্য মিনতি মনি দাসকে বিষয়টি জানায়। এরপর আজ মঙ্গলবার ভুক্তভোগীর চাচা নেপাল মনি দাস বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(৪)(খ) ধারায় মামলা হিসেবে রেকর্ড করে।

জানা গেছে, ভুক্তভোগী শিশুটির মা মারা গেছেন এবং তার বাবা অন্যত্র বিয়ে করে আলাদা বসবাস করছেন। বর্তমানে শিশুটি তার চাচা নেপাল মনি দাসের বাড়িতে থেকেই স্থানীয় একটি বিদ্যালয়ে লেখাপড়া করছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ভুক্তভোগী শিশুর চাচার দায়ের করা অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Link copied!