কেরানীগঞ্জে ৩ লাখ চিংড়ির রেণু পোনা উদ্ধার, ধলেশ্বরীতে অবমুক্ত

নাজিউল্লাহ ভূইয়া , কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৪:৫০ পিএম

নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ রোধে পরিচালিত এক অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থেকে ৩ লাখ ১০ হাজার পিস চিংড়ির রেণু পোনা উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত রেণু পোনাগুলো ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়।

ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান, চট্টগ্রাম থেকে খুলনায় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সংগৃহীত রেণু পোনাগুলো পরিবহন করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত রেণু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি আরও বলেন, “প্রাকৃতিক উৎস থেকে অবৈধভাবে চিংড়ির রেণু আহরণের ফলে শুধু চিংড়িই নয়, বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। এতে নদীর স্বাভাবিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। সে কারণে জব্দকৃত রেণু পোনাগুলো ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে।”

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নদী ও উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার অবৈধভাবে রেণু আহরণ, পরিবহন ও বেচাকেনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদের পাশাপাশি হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!