কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদরের ঐতিহ্যবাহী ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে কাঁচাবাজার বসানোর প্রস্তুতির প্রতিবাদে ফুঁসে উঠেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২ জুন) মাঠ সুরক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষার্থীদের প্রতিনিধিদল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে একদল কাঁচাবাজার ব্যবসায়ী বিদ্যালয়ের খেলার মাঠে দোকান বসানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
খেলাধুলার পরিবেশ নষ্ট করে বিদ্যালয়ের জমিতে বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে।
প্রতিবাদের অংশ হিসেবে আজ বিকেলে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যালয়ের মাঠে কোনোভাবেই দোকান বসাতে দেওয়া হবে না।
মাঠের পরিবেশ রক্ষায় তাঁরা যেকোনো ধরনের কর্মসূচি নিতে প্রস্তুত।
সাক্ষাৎ শেষে শিক্ষার্থীরা মাঠের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন এবং মাঠের সার্বিক সুরক্ষার স্বার্থে সেই চাবি ইউএনও মাহমুদা জাহানের কাছে জমা দেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, "আমি নিজেও বিদ্যালয়ের মাঠে দোকান বা বাজার বসানোর বিরুদ্ধে। মাঠ কেবল শিক্ষার্থীদের খেলাধুলার জন্যই উন্মুক্ত থাকবে। খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে উপজেলা প্রশাসন সামনের দিনগুলোতে আরও কাজ করে যাবে।"
সাক্ষাৎকালে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, "বিদ্যালয়ের মাঠ ও সম্পত্তি রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট আছি। প্রশাসনের আশ্বাস আমাদের আশ্বস্ত করেছে।
বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও খেলাধুলার অধিকার নষ্ট করে কোনো অপতৎপরতা চলতে দেওয়া হবে না।"
আপনার মতামত লিখুন :