কুমিল্লা চান্দিনা উপজেলার কুটুম্বপুর ও মাধাইয়া এলাকায় বৈধ আবাসিক গ্যাস সংযোগের দাবিতে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের অবশেষে ইতিবাচক সমাধান এসেছে। আন্দোলনরত আহ্বায়ক কমিটির সাথে গ্যাস কর্তৃপক্ষের বৈঠকে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে।
বুধবার (৩ জুন) কুটুম্বপুর সাব-স্টেশনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন গ্যাস কর্তৃপক্ষের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আন্দোলনরত আহ্বায়ক কমিটির সদস্যরা।
বৈঠক শেষে গ্যাস কর্তৃপক্ষ জানায়, উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হয়েছে। সরকার ভবিষ্যতে যখন আবাসিক লাইনে বৈধ গ্যাস সংযোগ কার্যক্রম শুরু করবে, তখন অগ্রাধিকার ভিত্তিতে চান্দিনার মাধাইয়া ও কুটুম্বপুর এলাকার বাসিন্দাদের গ্যাস সরবরাহ করা হবে।
এ বিষয়ে আন্দোলনরত আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিনের আন্দোলনের ফলে অবশেষে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। তারা বলেন, “আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল এলাকাবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। আলোচনা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাধানে পৌঁছাতে পেরেছি। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশার সৃষ্টি হয়েছে।”
তারা আরও জানান, এখন থেকে গ্যাস কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে এবং স্থানীয় এলাকাবাসীও তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
এদিকে এই সমঝোতার খবরে কুটুম্বপুর ও মাধাইয়া এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ আন্দোলনের পর ইতিবাচক সিদ্ধান্ত আসায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :