গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাইপাস এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি সৌখিন পরিবহনের বাস সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে একটি ইজিবাইক অবস্থান করছিল। এ সময় পেছন থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে দুই বাসের মাঝখানে থাকা ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ইজিবাইকের চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার হামেদ প্রামাণিকের ছেলে সুজন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের একটি লেনে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বাসন থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :