কক্সবাজারে মাটি চাপায় দুই শ্রমিক নিহত, আহত ১

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৬:৩২ পিএম

কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্থানীয় ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সেতু নির্মাণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কয়েকজন শ্রমিক সেতু নির্মাণকাজের জন্য মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ করে মাটি ধসে তিন শ্রমিক চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রাকিব ও মো. ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শ্রমিক শাহজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সবাই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Link copied!