সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশ সুপার মতবিনিময়

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১২:৫৮ পিএম

চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ, চাঁদপুরের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ-মিডিয়া সম্পর্কের উন্নয়ন এবং জনস্বার্থে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে গণমাধ্যম এবং পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করেন, আর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে। তাই উভয়ের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও তথ্যের আদান-প্রদান যত বেশি হবে, ততই জনস্বার্থ রক্ষা সহজ হবে।

পুলিশ সুপার আরও বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থেকে সত্য ও যাচাইকৃত তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয়ে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, চাঁদপুর জেলা পুলিশ জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পুলিশ ও গণমাধ্যমের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

 

Advertisement

Link copied!