ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপ: কালিয়াকৈরে গ্রাহকদের মানববন্ধন

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৭:১০ পিএম

ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপ: কালিয়াকৈরে গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদ এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে আনা অর্থ পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার আলহাজ্ব খবির উদ্দিন সুপার মার্কেটের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা নষ্ট করার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে যে অর্থ পাচারের অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। তারা দাবি করেন, অতীতে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতেও ব্যাংকটিকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা বন্ধ করে গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মো. আজাহারুল ইসলাম ও মাওলানা মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাস্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেনসহ আরও অনেকে।

Link copied!