শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে (৪ জুন) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান (আইজিপি পুরস্কারপ্রাপ্ত) সার্বিক দিকনির্দেশনায় থানা পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৯৩/২০২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামী রিয়াজ উদ্দিন স্বপন পিতা: মোঃ আব্দুর রহিম কে হোসেনপুর এলাকার স্বর্ণকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি থানার এসআই (নিঃ) মিঠুন দাস। দীর্ঘদিন ধরে তিনি আদালতের পরোয়ানা এড়িয়ে চলছিলেন বলে পুলিশ জানায়।
অপরদিকে, একই দিনে সিআর-৫৩৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী মনিরুল ইসলাম পিতা: মফিজ উদ্দিন কে দৈয়রা এলাকার কান্দির পাড় থেকে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস সরকার। গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে পরোয়ানাভুক্ত আসামীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত উভয় আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন, পরোয়ানা তামিল এবং পলাতক আসামীদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :