পঞ্চগড় সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

মো. মাহাবুব আলম , ভ্রাম্যমান প্রতিনিধি পঞ্চগড়

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০৬:২৪ পিএম

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপে সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

ভোররাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর বড়বাড়ি বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্ত পিলার ৭৫৮/৫ সংলগ্ন ভারতের প্রধানপাড়া এলাকায় বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার উদ্যোগ নেয় বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে টহলরত সদস্যরা বিষয়টি দ্রুত শনাক্ত করে কড়া অবস্থান গ্রহণ করলে বিএসএফ সদস্যরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। পরে ওই ব্যক্তিদের নিয়ে ভারতীয় ভূখণ্ডের ভেতরে সরে যায় বিএসএফ।

বর্তমানে ওই ১০ জন ভারতীয় সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে বলে জানা গেছে। ঘটনার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে কূটনৈতিক ও সীমান্ত প্রটোকল অনুযায়ী দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে। সীমান্তে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisement

Link copied!