অধ্যাপক মোক্তার আলীর কাবিখা প্রকল্পে নতুন রাস্তা: কেশবপুরে উচ্ছ্বসিত এলাকাবাসী

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০৯:০৩ পিএম

যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর বরাদ্দকৃত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় কেশবপুর উপজেলার ১ নম্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। ৩৩৬ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রশস্ত রাস্তার উন্নয়ন কাজের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় নেতৃবৃন্দ। সড়কটি শেখপাড়া আল হেরা মসজিদ কমপ্লেক্স হয়ে তোতন শেখের বাড়ি পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ১ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশরাফুল আলম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলফাজুর রহমান, ৬ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শেখ মানসুর আলী, উপজেলা যুব সভাপতি মো. আয়াতুল্লাহ আল খোমেনি, ওয়ার্ড যুব সভাপতি মো. ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন তারা। বর্ষা মৌসুমে চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হতো। সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর উদ্যোগে কাবিখা প্রকল্পের বরাদ্দ পাওয়ায় সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।

এলাকাবাসীর ভাষ্য, সড়কটি নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। কৃষিপণ্য বাজারজাতকরণ এবং জরুরি সেবাগ্রহণেও সুবিধা বৃদ্ধি পাবে।

এ প্রসঙ্গে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন,"গ্রামীণ অবকাঠামো উন্নয়নই আমাদের অন্যতম অগ্রাধিকার। মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কাবিখা প্রকল্পের মাধ্যমে এই সড়ক নির্মাণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি চাই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক। কেশবপুরের কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করছি। রাস্তা, সেতু, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে সমন্বিত উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সংশ্লিষ্টদের মতে, চলমান উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে এবং কেশবপুরের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে কেশবপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোও আরও সমৃদ্ধ ও আধুনিক হয়ে উঠবে। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এই জনপদ এখন নতুন সম্ভাবনার পথে এগিয়ে চলেছে।

 

Advertisement

Link copied!