নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

নাজমুল হক , নওগাঁ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ০৯:১৫ পিএম

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের ৮৮ বিএসএফ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে কলমুডাঙ্গা বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেয়।

বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

জানা গেছে, ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা বর্তমানে সীমান্তের শূন্য রেখার চকচকি বিল এলাকায় অবস্থান করছে। তাদের সবার বাড়ি খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলায় বলে জানা গেছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সংবাদ পাওয়ার পর ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।”

এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পাশাপাশি সার্বিক সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হতে পারে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

 

Advertisement

Link copied!