মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলামুখী করার প্রত্যয়ে আয়োজিত মরহুম কবির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৬-২ গোলের বড় ব্যবধানে বারিধারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্বাগতিক পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (৫ জুন) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল বাজার মাঠে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচটি হাজারো দর্শকের উপস্থিতিতে এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে পরিণত হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব। একের পর এক আক্রমণে বারিধারার রক্ষণভাগকে চাপে রেখে শেষ পর্যন্ত ৬-২ গোলের বিশাল জয় নিশ্চিত করে তারা।
পূবাইল বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে ২টি করে গোল করেন ফাইজান ও আপেল, নাইজেরিয়ান কামারা ১টি ও গোলকিপার কাকন ১টি। বিজিত বারিধারা স্পোর্টিং ক্লাবের পক্ষে কাওসার ও আল আমিন ১টি করে গোল করেন।
খেলা ঘিরে সকাল থেকেই পূবাইল ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
৬-২ গোলের দাপুটে জয়ে শিরোপা ঘরে তুলে পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব শুধু একটি ট্রফিই জেতেনি, বরং স্থানীয় ফুটবলপ্রেমীদের হৃদয়ও জয় করেছে। জমজমাট ফাইনাল ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামল মরহুম কবির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, মরহুম কবির হোসেনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছে পুরো টুর্নামেন্ট।
খেলা শেষে অধিনায়ক ফায়জানের হাতে ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।বিজিত বারিধারা দলের অধিনায়কের হাতে ২৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম আওলাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল প্রেসক্লাব ও গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি আলহাজ্ব মো. আখতার হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন কলেজ গেইট, পূবাইলের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর হোসেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, তরুণদের সুস্থ বিনোদন এবং ক্রীড়াচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলার প্রধান রেফারি ছিলেন রবিন বৌদ্ধ ও লাইন্সম্যান ছিলেন প্রিতম ও অরণ্য সৈকত।
ধারাভাষ্যে ছিলেন, জাকির ও মামুন।
আপনার মতামত লিখুন :