কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে বজ্রপাতে সাগরপারের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। বজ্রপাতের সময় দোকানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈরী আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাতে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন সমুদ্র পারের একটি দোকানে আঘাত লাগে। এতে দোকানটির টিনের ছাউনি, বেড়া এবং ভেতরের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, শাহপরীর দ্বীপ বেড়িবাঁধের পাশে ইব্রাহিমের দোকানটি বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু অংশে আগুন ধরে যায় এবং মালামালের ক্ষতি হয়। তবে ঘটনার সময় বৃষ্টির কারণে দোকানটি বন্ধ ছিল, ফলে কেউ সেখানে উপস্থিত ছিল না।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, সকালবেলা হঠাৎ বজ্রপাতে আমার দোকানের টিনশেড ও ভেতরের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শাহপরীর দ্বীপে আগত পর্যটকদের জন্য পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্দেশ্যে দোকানটি পরিচালনা করতাম।
সাবরাং ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, সকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়। এতে দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় একটি ছোট দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পর্যটকদের জন্য নাশতা ও পানির ছোট ছোট বেশ কয়েকটি দোকান ওই এলাকায় গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল হান্নান জানান, রবিবার (৭ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বিবেচনায় মোট বৃষ্টিপাত প্রায় ৬২ মিলিমিটার হয়েছে।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর মাধ্যমে চলতি বছরের বর্ষা মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৬ থেকে ৭ দিন কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এদিকে, আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় উপকূলীয় এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, সমুদ্রসৈকত এবং উঁচু স্থানে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :