গোয়ালন্দে ১০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৫:৩৩ পিএম

গোয়ালন্দে ১০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল দৌলতদিয়া পূর্বপাড়া পতিতা পল্লীর ভেতর জনৈক আইয়ুব মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ভেতর থেকে ১০০ (একশত) লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধারসহ হারুন-অর রশিদ (৫৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হারুন-অর রশিদ ঢাকার ধামরাই থানার বারবারিয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। সে বর্তমানে দৌলতদিয়া পূর্বপাড়া ৫নং ওয়ার্ডের ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

 

সিয়াম সরিষা
Link copied!