শ্রীমঙ্গলে সাংবাদিককে ফেসবুক লাইভে হুমকি, থানায় জিডি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন  শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৮ জুন) সাংবাদিক মনজু বিজয় চৌধুরী অনলাইনের মাধ্যমে শ্রীমঙ্গল থানায় জিডিটি দায়ের করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি শ্রীমঙ্গলের নতুন বাজার লেবু আড়তে শ্রমিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর গত ৬ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ‘Nure Alom’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাংবাদিক মনজু বিজয় চৌধুরীকে উদ্দেশ্য করে অপপ্রচার, অশালীন ভাষায় গালাগাল এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তির পরিচয় অনুসন্ধান করে জানা গেছে, তিনি নূর আলম (লেবু) নামে পরিচিত। তাঁর পিতা মৃত আব্দুল মোমিন এবং তিনি শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোড এলাকার বাসিন্দা।

সাংবাদিক মনজু বিজয় চৌধুরী বলেন, “শ্রীমঙ্গলের একটি বাজারে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে নূর আলম লেবু ফেসবুক লাইভে এসে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল থানার দায়িত্বশীল সূত্র জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!