রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে পিস্তলের দুইটি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, মাদক কারবারি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড় এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। এ সময় বারু মিয়ার একটি পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই বাড়ির বাথরুমের জন্য তৈরি বাঁশের মাচাংয়ের নিচ থেকে কালো রঙের দুইটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেড় পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের একটি কলকি, তাস খেলার এক সেট, তিনটি প্লাস্টিকের পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে ছিল— দুইটি হাসুয়া, একটি কাস্তে, দুইটি ছুরি, একটি মাছ ধরার কোচ ও একটি সামুরা।
র্যাব-৫ জানায়, উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :