জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক-এর আয়োজনে এই মহতী উদ্যোগ নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদ ও গণমাধ্যম কর্মীসহ শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা।
কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে উপকূলকে রক্ষা করতে টেকসই বেষ্টনী গড়ে তোলা, খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের বীজ ও চারা রোপণ করা এবং সাধারণ মানুষকে গাছ লাগাতে ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপকূলের মাটি ও মানুষের অস্তিত্ব রক্ষায় সবুজ প্রকৃতির বিকল্প নেই। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য উপকূল গড়ে তুলতে এই ১০ লাখ বীজ রোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই কর্মসূচি সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা কিছু বীজ রোপণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

আপনার মতামত লিখুন :