ভোলা জেলার বোরহানউদ্দিনে একটি আলোচিত ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী ও দুর্ধর্ষ ডাকাত দলের সরদার হিসেবে অভিযুক্ত মো. নুরে আলম (৩৬)-কে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। দীর্ঘ তদন্ত, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
সোমবার (২৮ জুলাই) বোরহানউদ্দিন থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টা ১৩ মিনিটে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ ৮ নম্বর ওয়ার্ডে মো. জালাল আহম্মেদ (৭৩)-এর বসতবাড়িতে ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তিন জোড়া কানের দুল, প্রায় ১৮ আনা স্বর্ণালংকার, ৮ আনা রুপার চেইন এবং নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় বোরহানউদ্দিন থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্য মো. আরিফ (২২) ও মো. রহিম (২২)-কে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার পাশাপাশি মূল পরিকল্পনাকারী হিসেবে মো. নুরে আলমের নাম প্রকাশ করে। তাদের দেওয়া তথ্য, তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ এবং বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে কাচিয়া ইউনিয়নের চকঢোষ ৮ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসন এলাকা থেকে মো. নুরে আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরে আলম ফুলকাচিয়া ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালাম মাঝির ছেলে। পুলিশ জানায়, থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে পূর্বে একটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে এবং ওই মামলায়ও তিনি পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অপরাধীদের আইনের আওতায় এনে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন :