হাতির চাঁদাবাজির শিকার হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু: ফরিদপুরে সড়ক দুর্ঘটনা

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৫:৫৩ পিএম

হাতির চাঁদাবাজির শিকার হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু: ফরিদপুরে সড়ক দুর্ঘটনা

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির চাঁদাবাজির শিকার হয়ে সড়ক দুর্ঘটনায় ১০ মাস বয়সী আড়িশা জান্নাত নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়েসাত রশি এলাকায় সদরপুর-ভাঙ্গা সড়কে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু আড়িশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপন্দী গ্রামের মো. সজিব মোল্লার কন্যা।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আড়িশা তার মা ও স্বজনদের সাথে ভাঙ্গা উপজেলার বাররা গ্রামে নানার বাড়ি থেকে অটোরিকশাযোগে সদরপুরে আসছিল। পথে সাড়েসাত রশি এলাকায় মো. বকুল (২৪) নামের এক মাহুত হাতি নিয়ে অবস্থান করছিলেন এবং চলন্ত যানবাহনে হাতির শুঁড় বাড়িয়ে টাকা আদায় করছিলেন। একপর্যায়ে মাহুত অটোরিকশাটি থামানোর জন্য হাতির শুঁড় দিয়ে বাধা সৃষ্টি করলে চলন্ত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ১০ মাসের শিশু আড়িশা গুরুতর আহত হয় এবং অন্য কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা মাহুত বকুলকে আটক করে সদরপুর থানা পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে সদরপুর থানার এসআই আশরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাহুতকে পুলিশ হেফাজতে নেন। একই সাথে হাতিটিকেও জব্দ করে বিশ্ব জাকের মঞ্জিলের মাঠে বেঁধে রাখা হয়েছে। এ বিষয়ে সদরপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!