বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপনকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ট্রান্সফরমার স্থাপনে বাধা ও চাঁদা দাবির অভিযোগে আনোয়ার হোসেন রনি নামে একজনকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর ও মাঞ্জিয়ারা গ্রামের কয়েক শতাধিক মানুষ সড়কে নেমে বুড়াইরগাঁও বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাঞ্জিয়ারা গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিইডিবি) একটি বিদ্যুৎ ট্রান্সফরমার স্থাপনের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় যান। এ সময় স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী আনোয়ার হোসেন রনি ট্রান্সফরমার স্থাপনের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, ট্রান্সফরমার স্থাপনের অনুমতি দেওয়ার জন্য তিনি ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রাত ৮টার পর স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জ কলেজগেট এলাকায় জড়ো হন।
স্থানীয়দের সঙ্গে আলোচনা চলাকালে বিষয়টি সমাধানের শেষ পর্যায়ে আনোয়ার হোসেন রনি উপস্থিত লোকজনকে গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পরে ট্রান্সফরমার স্থাপনের দাবিতে আলমপুর ও মাঞ্জিয়ারা গ্রামের কয়েক শতাধিক মানুষ সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের বুড়াইরগাঁও বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) শেখ মোরছালিন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতার সঙ্গে আলোচনা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অবরোধ তুলে নেওয়া হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় রাতেই আলমপুর গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল বাদী হয়ে আনোয়ার হোসেন রনির বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।তবে অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন রনির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিইডিবি) বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ বিভাগ, ছাতক শাখার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর মোহাম্মদ তারেক বলেন, “আমাদের হাতে ট্রান্সফরমার না থাকায় সংযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় ট্রান্সফরমার সংযোগের কাজ চলছে।”
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঝলক মোহন্ত লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :