বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বানারীপাড়া উপজেলা পরিষদের নবনির্মিত অফিস কক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। পরবর্তীতে তিনি সদর ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বানারীপাড়া উপজেলা পরিষদের নতুন অফিস কক্ষে সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান। উল্লেখ্য, স্থানীয় উন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে সমন্বয় জোরদার করতে দেশের প্রতিটি উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য আলাদা কার্যালয় প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়, যা বিগত সরকারের সময় চালু ছিল না।
নতুন কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সান্টু উপস্থিত দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করে তিনি বলেন, "ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে দল-মত নির্বিশেষে শতভাগ যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে।"
প্রকৃতভাবে পাওয়ার যোগ্য পরিবারগুলো যেন এ কার্ডের আওতাভুক্ত হয় তা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন— ফ্যামিলি কার্ডের নাম অন্তর্ভুক্তকরণ বা বিতরণে অনৈতিক সুবিধা গ্রহণের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত সরকারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র সহ সভাপতি মঞ্জুর খান, সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন ও ফারুক মল্লিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকিরসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অফিস উদ্বোধন শেষে এস সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি বানারীপাড়া উপজেলা নির্বাচন অফিসে সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কার্যালয়ের কর্মসূচি শেষে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বানারীপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান। নদীভাঙনের ভয়াবহতা প্রত্যক্ষ করে তিনি স্থানীয়দের আশ্বস্ত করে জানান, দ্রুততম সময়ের মধ্যে নদীভাঙন রোধে স্থায়ী টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শন শেষে তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন, নগদ অর্থ এবং প্রয়োজনীয় শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :