পরিচ্ছন্ন শহর গড়তে ছাতক পৌর প্রশাসকের নতুন উদ্যোগ

নাজমুল হাসান জুয়েল , ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৮:০৪ পিএম

সুনামগঞ্জের ছাতক পৌর শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

সোমবার (৮ জুন) দুপুরে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুর আখড়া ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমেন, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিদাস রায়, পৌর নির্বাহী কর্মকর্তা শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই (কালা মিয়া), পৌরসভার কর্মকর্তা যুবরাজ চৌধুরী শরিফ, কার্যসহকারী জুয়েল রায় ও সুব্রত হালদার।

এ সময় উপস্থিত ছিলেন মণ্ডলীভোগ মহল্লার বাসিন্দা সমরেন্দ্র কর, বাবুল পাল, শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। উন্নত নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে ছাতকেও নিয়মিত গৃহস্থালির ময়লা সংগ্রহ ব্যবস্থা চালু করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে নাগরিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ছাতক পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

 

Link copied!