কুমিল্লা জেলা পরিষদের বরাদ্দকৃত সরকারি ক্রীড়া সামগ্রী জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ব্যানারে বিতরণের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে।
সোমবার (৮ জুন) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে। অনুষ্ঠানে এনসিপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা পরিষদের অর্থায়নে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতাধীন প্রায় ৩৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ক্লাবে প্রায় ১৯ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণের বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, এসব ক্রীড়া সামগ্রী সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরনের কথা থাকলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ব্যানারে বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ক্রিকেট ব্যাট, একটি ফুটবল, একসেট গ্লাভস, এক সেট স্ট্যাম্প, ৩ পিস ক্রিকেট বল।
অনুষ্ঠানের ব্যানার ও প্রচারণায় সরকারি প্রকল্পের পরিবর্তে রাজনৈতিক সংগঠনের নাম ও পরিচিতি ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, সরকারি অর্থায়নে কেন রাজনৈতিক ব্যানারে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হলো।
দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ব্যানারটা আমি আগে লক্ষ্য করিনি, আমাকে দেখিয়ে করলে হয়তো এমন হতো না।
এ ব্যপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ৩৮০টি প্রতিষ্ঠানের নামে জেলা পরিষদ এসব ক্রীড়া সামগ্রী বরাদ্দ দিয়েছে এবং সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে তা প্রতিষ্ঠানগুলোতে বিতরন করার কথা। তবে জেলা পরিষদের এই প্রকল্পের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই।
আপনার মতামত লিখুন :