ফেনীতে পলাতক আসামির বাড়ি থেকে ৭০ কেজি গাঁজা জব্দ

রাকিব হোসেন , ফেনী সদর সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৭:৫১ পিএম

ফেনীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে পুলিশ। সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) ভোর প্রায় ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার একটি বিশেষ দল ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামি জামালের বসতঘরের ১৫/১০ নম্বর কক্ষ তল্লাশি করে ১০টি প্লাস্টিক মোড়ানো বান্ডেল থেকে মোট ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। তবে অভিযানের সময় আসামি জামালকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান রয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

 

Link copied!