সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে উল্টো পথে দ্রুতগতির বাস চলাচলের কারণে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে।এতে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে হাটিকুমরুলের ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা থেকে কুড়িগ্রামগামী এস এন পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রাবিরতির জন্য সার্ভিস লেন দিয়ে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেল-এ প্রবেশ করার সময় চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত অটোরিকশা ও ঘাতক বাসটি জব্দ করে হেফাজতে নেয় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ,ন্যাশনাল ফুড ভিলেজ হোটেল এলাকায় যাত্রাবিরতির সুবিধার্থে অনেক দ্রুতগতির যানবাহন মহাসড়কের সার্ভিস লেনে উল্টো পথে চলাচল করে থাকে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।এতে প্রাণহানি ও স্থায়ী পঙ্গুত্বের মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে।
তারা মহাসড়কে উল্টো পথে যান চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, আহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :