হবিগঞ্জের চুনারুঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা" কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী এবং অসহায় মানুষের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও শিক্ষা সহায়ক হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র, দুঃস্থ, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম এবং বাস্তুভিটাহীন ব্যক্তিদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের ধারাবাহিক উদ্যোগের কথা তুলে ধরেন এবং এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :